বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছে শিশুশিল্পী সিমরিন লুবাবা। এতে মানসিকভাবে বেশ বিপর্যস্ত সে। বিষয়টি নিয়ে শঙ্কিত তার পরিবার। এ রকম চলতে থাকলে লুবাবাকে মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম।
লুবাবার মা আরও বলেন, তাকে এমন সব প্রশ্ন করা হয়, যা তার বয়স ও প্রাসঙ্গিতকার সঙ্গে কোনোভাবেই যায়। তাকে কোনো কোনো সময় বলতে বাধ্যও করা হয়। যেমন ধরুন তাকে প্রশ্ন করা হয়, কোন নায়কের বিপরীতে অভিনয় করতে চাও? শাকিব না অনন্ত—লুবাবাকে এটা কী ধরনের প্রশ্ন? ওর বয়সই-বা কত? ও কি দীঘি বা পূজা চেরীর বয়সী যে শাকিব কিংবা অনন্ত জলিলের বিপরীতে সিনেমা করবে? ও শাকিব-অনন্ত জলিল ভাইরে বাবার মতো শ্রদ্ধা করে। হ্যাঁ, একটা সময় শাকিবকে চিনত না ও, কিন্তু ‘প্রিয়তমা’ দেখার পর ওনার ফ্যান হয়ে গেছে। এছাড়া অনন্ত জলিলের ‘কিল হিম’ও দেখেছে, ওর মতে, অনন্ত আঙ্কেল অ্যাকশন দৃশ্য খুব ভালো করেন। এই দু’জনকে ও বাবার মতো শ্রদ্ধা করে, তবু অনেকে ভাইরাল হওয়ার জন্য লুবাবাকে এ ধরনের প্রশ্ন করেই যায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলে ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় সে ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে।