Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১২, ২০২০ , ১:৫৩ অপরাহ্ণ

নিজ বাসায় অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু আইসিইউতে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোরে বাড্ডার আফতাবনগরে তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তার আগুনে পুড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তবে গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তার স্ত্রী শাহীনা হোসেন পল্লবী জানান, অফিস থেকে রাতে বাসায় এসে খাবার খেয়ে তাহাজ্জুতের নামাজ শেষে করার কিছুক্ষণ পরে তার চিৎকার শুনতে পাই। পাশের কক্ষ থেকে বের হয়ে দেখি তার শরীরের পেছনের অংশে আগুন জ্বলছে। তিনি বাথরুমের দিকে যাচ্ছিলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েসনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

২০০৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন নান্নু।

এর আগে এ বছরের ২ জানুয়ারি ওই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নু’র একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন