Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৩ , ৬:২৫ অপরাহ্ণ

‘তিনদিনের মধ্যেই আমদানি করা ডিম দেশে আসবে’

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী তিন থেকে চারদিনের মধ্যেই আমদানি করা ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশব্যাপী অক্টোবর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিপু মুনশি বলেন, সাতটি প্রতিষ্ঠান ভারত থেকে ডিম আমদানি করতে (ঋণপত্র) এলসি খুলেছে। ভারতে কিছু আনুষ্ঠানিকতা ছিল, শেষ হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে ইতোমধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান এলসি খুলেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ সময় টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান পিএসসি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন