Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১১, ২০২৩ , ২:২৩ অপরাহ্ণ

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি প্রকারভেদে ৬ থেকে ৭ টাকা কমেছে। বর্তমানে নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৩ থেকে ৫৪ টাকায়, যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছিল ৬০ থেকে ৬২ টাকা দরে এবং ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছিল ৫৪ থেকে ৫৬ টাকা দরে। ক্রেতা সংকট এবং পেঁয়াজ আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

বুধবার (১১ অক্টোবর) হিলির কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি শরিফুল ইসলাম নামে একজন পেঁয়াজ পাইকার বলেন, আমি বগুড়া থেকে পেঁয়াজ পাইকারি কিনতে আসছি। সপ্তাহে তিন থেকে চারদিন হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ পাইকারি কিনে বগুড়াতে বিক্রি করে থাকি। গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যার জন্য ব্যবসা করে কিছুটা স্বস্তি পাচ্ছি। দাম কমার কারনে ১০ মেট্রিকটন পেঁয়াজ কিনছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা সব সময় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে। বর্তমানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। আগে ২০ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ৪০ থেকে ৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে, দাম অনেকটাই কমেছে। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম অনেকটাই স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল মঙ্গলবার ভারতীয় ৪০ ট্রাকে ১ হাজার ১৮২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

প্রিন্ট করুন