Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১:০৩ অপরাহ্ণ

কাল শুরু হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজন করতে যাচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। ‘মুজিব’স বাংলাদেশ’ প্রচারণার অংশ হিসেবে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে। এই উৎসব চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহির মুহাম্মদ জাবের।

সংবাদ সম্মেলনে বলা হয় এয়ারলাইন্স, ২০ হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরের পাশাপাশি ২৯ জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও এই উৎসবে অংশ নেবে। দেশব্যাপী পর্যটনের নানান অফার ও আয়োজন থাকবে এ উৎসবে। দর্শনার্থীরা এখানে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রতœতাত্তি¡ক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি ও পর্যটন সম্পদ সম্পর্কে জানতে পারবেন। দর্শনার্থীরা যাতে বাংলাদেশে তাদের আকর্ষণীয় ট্যুর প্ল্যান তৈরি করতে পারেন সে জন্য উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো সহায়তা করবে। উৎসব আয়োজনে আরও থাকবে দেশের ঐতিহ্যবাহী খাবার।

বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে র‌্যালি শুরু হবে। র‌্যালিটি পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এসে আবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হবে। র‌্যালিতে পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ ফেস্টিভ্যালে বিদেশি দূতাবাসসহ ১৬০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এ উৎসবে আয়োজন থাকবে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের অথেন্টিক ও ঐতিহ্যবাহী খাবারের। দেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে থাকবে জামতলার সাদেক গোল্লা, নকশি পিঠায় নরসিংদী জেলা, নাটোরের কাঁচা গোল্লা, কুষ্টিয়ার কুলফি, পুরান ঢাকার হাজীর বিরিয়ানি, বাকরখানি, মুক্তাগাছার মন্ডা, চট্টগ্রামের মেজবান, খুলনার চুইঝাল, বিসমিল্লাহর কাবাব, কুমিল্লার রসমালাইসহ ৬৪টি জেলা থেকে ৭০টি বেশি ঐতিহ্যবাহী ফুড স্টল। এ উৎসবে তাঁত, জামদানি তৈরির প্রক্রিয়া দেখা যাবে। মসলিন দেখার অপূর্ব সুযোগ থাকবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, আবাসন, এভিয়েশন পর্যটন খাতে কর্মসংস্থানের সম্ভাবনা এবং সেন্টমার্টিন ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গম্ভীরা, সিলেটের আঞ্চলিক গান, গাজী কালুর পট, পথ নাট্য, বাউল গান, পুঁথি পাঠ, কাওয়ালি এবং বিশিষ্ট শিল্পীদের গানের আয়োজন ইত্যাদি। সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পে বাংলার অপরূপ সৌন্দর্য নিয়ে সাজানো হবে এ উৎসব। যাতে ভবিষ্যতে কাউকে বলতে না হয় ‘দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।’

প্রিন্ট করুন