Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৩ , ৫:৫১ অপরাহ্ণ

ভারতে ৩৯৫০ টন ইলিশ রপ্তানি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। এতে মোট ৭৯টি প্রতিষ্ঠানকে এসব ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে ৫০ টন করে এই ইলিশ রপ্তানি করতে পারবে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে এসব প্রতিষ্ঠানগুলোকে তাদের নামের নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হলো। শর্তে বলা হয়, রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানির অনুমতি পাওয়া পণ্যের কায়িক পরীক্ষা যথাযথভাবে করতে হবে। প্রতিটি কনসাইনমেন্ট জাহাজীকরণ শেষে রপ্তানি সংক্রান্ত সব কাগজপত্র ই-মেইল করতে হবে এবং অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।

এ ছাড়া সরকার প্রয়োজনে যেকোনো সময় ইলিশ মাছ রপ্তানি বন্ধ করতে পারবে। এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

 

প্রিন্ট করুন