আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনের ক্ষেত্রে নারীদের জন্য পোশাকবিধি নির্ধারণ করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তারা তিনটি বিধির কথা বলেছেন। সম্প্রতি সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় মুসলিম নারীদের পছন্দসই পোশাক পরার অধিকার রয়েছে। তবে এ ক্ষেত্রে তাদের অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়মনীতি মেনে চলতে হবে।
প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনের ক্ষেত্রে মুসলিম নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করল সৌদির কর্তৃপক্ষ। সৌদির কর্তৃপক্ষের ধারণা, এবারের মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করবেন। পবিত্র হজের পর ওমরাহ মৌসুম শুরু হয়। যেসব মুসলমান শারীরিক বা আর্থিক সমস্যার কারণে হজ পালন করতে পারেন না, তারা ওমরাহ করেন।
নারীদের ওমরাহ পালনের ক্ষেত্রে পোশাকবিধির বিষয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পোস্টে বলা হয়, নারীদের পোশাক অবশ্যই ঢিলেঢালা হতে হবে। পোশাকে কোনো আলংকারিক উপাদান থাকা যাবে না। এমন পোশাক পরতে হবে, যা পুরো শরীর ঢেকে রাখে।
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব বিদেশি মুসলমানদের ওমরাহ করতে সে দেশে যাওয়ার জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে।