Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩ , ৩:৫২ অপরাহ্ণ

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কে এই ফয়েজ ঈসা?

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। আজ রোববার রাজধানী ইসলামাবাদে আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি।

পাকিস্তানি গণমাধ্যম ডন ও জিও নিউজ সূত্রে জানা যায়, বিচারপতি কাজী ফয়েজ ঈসা ১৯৫৯ সালের ২৬ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্মগ্রহণ করেন। তিনি বেলুচিস্তানের পিশিন শহরের প্রয়াত কাজী মোহাম্মদ ঈসার ছেলে। বিচারপতি কাজী ফয়েজ ঈসার বাবা পাকিস্তান আন্দোলনের অগ্রভাগে ছিলেন এবং দেশটির প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

বিচারপতি ঈসার বাবা ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম ব্যক্তি যিনি বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছিলেন এবং লন্ডন থেকে ফিরে আসার পর বেলুচিস্তানে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠায় সাহায্য করেন। তার বাবা বেলুচিস্তান থেকে অল ইন্ডিয়া মুসলিম লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির একমাত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিচারপতি ঈসার মা বেগম সাইদা ঈসা একজন সমাজকর্মী ছিলেন এবং শিক্ষা, শিশু ও নারীদের স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে কাজ করে এমন হাসপাতাল ও অন্যান্য দাতব্য সংস্থার বোর্ডে সম্মানসূচক পদে কাজও করেছিলেন তিনি।

কোয়েটায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর ঈসা করাচিতে চলে যান এবং করাচি গ্রামার স্কুল (কেজিএস) থেকে তার ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করেন। এর পর তিনি আইন বিষয়ে পড়াশোনা করতে লন্ডনে যান এবং সেখানে তিনি ইনস অব কোর্ট স্কুল ল থেকে বার প্রফেশনাল পরীক্ষা সম্পন্ন করেন।

বিচারপতি ঈসা ১৯৮৫ সালের ৩০ জানুয়ারি বেলুচিস্তান হাইকোর্টের অ্যাডভোকেট এবং ১৯৯৮ সালের মার্চ মাসে পাকিস্তান সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হন। তিনি পাকিস্তানের হাইকোর্ট, ফেডারেল শরীয়ত আদালত এবং পাকিস্তানের সুপ্রিমকোর্টে ২৭ বছরেরও বেশি সময় ধরে আইন প্রাকটিস করেছেন।

বিচারপতি কাজী ফয়েজ ঈসা ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

প্রিন্ট করুন