Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১২:১৬ অপরাহ্ণ

শুটিং রেখে চলে গেলেন সায়ন্তিকা

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : বাংলাদেশে শুটিং করতে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বলে দাবি কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির। এ কারণে তার ও জায়েদ খান অভিনীত নতুন ছবি ‌‘ছায়াবাজ’র কাজ শেষ না করেই কলকাতায় চলে গেলেন এ অভিনেত্রী।

জানা গেছে, গান দিয়ে শুরু হয় কাজ। নির্বিঘ্নেই শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে।

নায়িকার দাবি, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। তাই পরিবর্তন করতে হবে নৃত্য পরিচালককে, অন্যথায় কাজ করবেন না তিনি।

এদিকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে নৃত্য পরিচালক মাইকেল বলেন, ‘প্রথম গানের শুটিং শেষ করে দ্বিতীয় গানের শুটিং করছিলাম আমরা। নাচের স্টেপ দেখানোর জন্য সায়ন্তিকার হাত ধরতেই তিনি বলেন, হাত ধরো না, মুখে বুঝিয়ে দাও। আমি কথা না বাড়িয়ে সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি।

জানা গেছে, এর পর পরিচালক ও প্রযোজককে সায়ন্তিকা জানান, মাইকেল থাকলে তিনি কাজ করবেন না। পর দিন স্পটে এসে গাড়ি থেকেই নামতে চাইছিলেন না তিনি। পরিচালক বুঝিয়ে বলে মাইকেলকে মনিটরে বসান। তার নির্দেশনাগুলো পরিচালক সায়ন্তিকাকে বারবার গিয়ে বুঝিয়ে আসেন।

তাজু কামরুলের পরিচালনায় সিনেমার শুটিং করতে গত ৩০ আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। সেদিন বিকালেই নায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজারে যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। কিন্তু তিনি সেটি না করে ৭ সেপ্টেম্বর চলে যান।

 

প্রিন্ট করুন