Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২২, ২০২০ , ৩:২০ অপরাহ্ণ

দেশে করোনায় মৃত্যু বেড়ে ১২০, আক্রান্ত ৩৭৭২

লেখকঃ আজকালের কণ্ঠ

দেশে এক দিনে আরও ৩৯০ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে। গত এক দিনে আরও পাঁচজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহ।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৬৭৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৩৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭৭২-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২০ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও পাঁচজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৯২।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বিষয়ে বুলেটিনে বলা হয়, যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ সাত জন এবং নারী তিন জন। এদের মধ্যে সাত জন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরের তিন জন রয়েছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন। এদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন আছেন।

শুরুতে ডা. মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ ও বিতরণের তথ্য তুলে ধরেন। বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

প্রিন্ট করুন