আজকালের কন্ঠ ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ ঢাকা ত্যাগের আগে তার পুরো সফরের সঙ্গী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সেলফি তুলেছেন।
গত সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ত্যাগের আগে তুরাগ নদীতে নৌকা ভ্রমণ করেন প্রেসিডেন্ট ম্যাখোঁ। ভ্রমণ শেষে তিনি হাছান মাহমুদের সাথে সেলফিতে অংশ নেন। এ সময় মন্ত্রীকে সেলফি তুলতে প্রেসিডেন্ট নিজে সাহায্য করেন বলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গণমাধ্যমে পাঠানো সেই সেলফি ছবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ও তরুণ জলবায়ুকর্মী সোহানুর রহমানকে দেখা গেছে।
তথ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রান্সের প্রেসিডেন্টের মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে ইম্যানুয়েল ম্যাখোঁর আগমন থেকে বিদায়সহ সব অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন তথ্যমন্ত্রী। দু’দিনের সফরে গত রোববার সন্ধ্যায় এসে প্রেসিডেন্ট ম্যাখোঁ রাষ্ট্রীয় নৈশভোজের পর রাজধানীর ধানমন্ডিতে শিল্পী রাহুল আনন্দের সঙ্গীতালয়ে যান।গত সোমবার সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট।