আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের আজকের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সাজেদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাজেদা চৌধুরীর নিজ বাড়ি সালথার রসুলপুর গ্রামে হামিদ মঞ্জিল প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে সাজেদা চৌধুরীর ছেলে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ জেলার নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া।
সাজেদা চৌধুরী নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের উপনেতা হন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন তিনি।
১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাজেদা চৌধুরী। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ ও মা সৈয়দা আছিয়া খাতুন। শিক্ষাজীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৭৬ সালে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯২ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন তিনি।