আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে বাড়ির ছাদে গাঁজা গাছ চাষ করার অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (৪০) ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গগলকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত মহরম আলীর ছেলে।
এর আগে, গতকাল রোববার দিবাগত রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বাড়ির মালিক আলাউদ্দিন দীর্ঘ দিন ধরে বাড়িতে থাকেন না। কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাড়ির সবকিছু দেখভাল করেন। মালিক ও তার পরিবারের অনুপস্থিতিতে সে ভবনের ছাদে গাঁজা চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী সেখানে অভিযান চালায়। এ সময় তাকে ছাদে চাষ করা গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।