১৪ বছর পর আবারও বাংলা সিনেমায় কিংবদন্তী শর্মিলা ঠাকুর | Daily AjKaler Kontho

১৪ বছর পর আবারও বাংলা সিনেমায় কিংবদন্তী শর্মিলা ঠাকুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন
১৪ বছর পর আবারও বাংলা সিনেমায় কিংবদন্তী শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলা সিনেমায় দেখা যাবে কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। ওপার বাংলার পরিচালক সুমন ঘোষের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘পুরাতন’। ছবিটি প্রযোজনা করছেন লাস্যময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

বাংলা থেকেই উত্থান শর্মিলার। পরবর্তীকালে দাপিয়ে অভিনয় করেছেন মুম্বাইয়ে। কিন্তু গত বছর ধরে বাংলার সঙ্গেই একটা দূরত্ব তৈরি হয়েছিল শর্মিলা ঠাকুরের। ১৪ বছরেও অভিনয় করেননি ১টি ছবিতেও! সেই শর্মিলাকেই এবার টালিগঞ্জে ফেরালেন ঋতুপর্ণা।

গত শুক্রবার ছবি আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে শহরের একটি হোটেলে। দুই অভিনেত্রী তো বটেই, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবি কলাকুশলীরাও।

এদিকে ‘কাবুলিওয়ালা’ ছবির আউটডোর শুটিংয়ে এখন কার্গিলে পরিচালক সুমন ঘোষ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি তিনি। শর্মিলা ঠাকুরের বাংলায় শেষ ছবি ছিল ‘অন্তহীন’।

বাংলা ছবিতে ফিরতে পেরে কেমন লাগছে? অভিনেত্রী বলেন, ‘ ঋতু, সুমনের সঙ্গে আমার ভাল সম্পর্ক। মা মেয়ের গল্প। স্ক্রিপ্টটা খুব ভাল লেগেছে’। শর্মিলার কথায়, ‘কলকাতা আমার চোখে বদলায়নি। কলকাতায় খানাখন্দের রাস্তাগুলোও একই আছে’।

৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনে শুটিং শুরু হবে সুমন ঘোষে নতুন ছবি। কোথায়? লোকেশন চূড়ান্ত হয়নি। আপাতত ছবির চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলবে।