আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী ওই হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। আলজাজিরা ও ডনের।
মোটরসাইকেল আরোহী আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। তিনি নিহত সেনাদের শহিদ উল্লেখ করে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় বৃহস্পতিবারের এ হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে ‘মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়’। দুর্গম এ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা বলে পরিচিত।
আলজাজিরা বলছে, পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলটি মূলত আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। সশস্ত্র যোদ্ধা এবং সরকারের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার পর গত বছর থেকে পাকিস্তানের এই অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে।