স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ক্লাবে অভিষেক হয়েছে জামাল ভূঁইয়ার। ঠিক মেসির মতোই অভিষেক তার। যেমনটা ফুটবল জাদুকরের হয়েছে ইন্টার মায়ামিতে। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে অধিনায়ক হিসেবেই তাকে নামানো হয়েছিল। আর অভিষেক ম্যাচটাই রাঙালেন জয় দিয়ে।
রোববার টরেনো ফেডারেল ‘এ’ লিগে জামাল ভূঁইয়া সোল ডি মায়োতে লাল সবুজের জার্সি পরে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন। ম্যাচটি তার দল ২-১ গোলে হারিয়েছে জার্মিনাল ডি রসনকে। জামাল ভূঁইয়া দলের হয়ে করেছেন দ্বিতীয় গোলটি।
খেলার ৩০ মিনিটে ভালদেবেনিতোর গোলে এগিয়ে যায় জামালের সোল ডি মায়ো। ১-০ ব্যবধানে এগিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি পায় মায়ো। জামাল ভূঁইয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় জার্মিনাল।
জামাল ভূঁইয়ার এই অভিষেক ম্যাচে আর্জেন্টিনায় বসবাসকারী বাংলাদেশিরা ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছেন। তারা ‘স্বাগতম জামাল’ লেখা ব্যানার হাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিল স্টেডিয়ামের পাশে।