Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৭, ২০২৩ , ১১:৪৯ পূর্বাহ্ণ

ইউক্রেনে যুদ্ধবিমান বিধ্বস্ত, ৩ পাইলট নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে মধ্য আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ যুদ্ধবিমানের সংঘর্ষে হয়েছে। এতে তিনজন পাইলট নিহত হয়েছেন। এর মধ্যে খ্যাতনামা পাইলট ‘জুস’ও রয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) দেশটির বিমানবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

এই বিমান দুর্ঘটনা এমন সময়ে ঘটলো, যখন যুক্তরাষ্ট্রের কাছে থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। তাই এ সময় তিন পাইলটের নিহত হওয়ার ঘটনা দেশটির বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে দেশটি।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটির উত্তর ঝিতোমির অঞ্চলে এই ঘটনা ঘটে। যুদ্ধবিমান দুটি ছিল এল-৩৯ মডেলের। বিমান দুটি বিধ্বস্ত হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, নিহত পাইলটদের একজনের নাম আন্দ্রি পিলশচিকভ। তিনি ‘জুস’ নামে পরিচিত ছিলেন। তরুণ এ পাইলট খুবই চৌকস ছিলেন। তিনি ইউক্রেনের আকাশে এফ-১৬এস উড়ানোর স্বপ্ন দেখতেন।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এটি আমাদের সবার জন্য একটি দুঃখজনক এবং অপূরণীয় এক ক্ষতি।’

সূত্র: রয়টার্স

প্রিন্ট করুন