Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২৩ , ৪:১৫ অপরাহ্ণ

প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল করা হতে পারে : নির্বাচন কমিশনার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। অন্যদিকে ইসির অতিরিক্ত সচিব জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত হবে আগামী মাসে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা যুগোপযোগী করতে চার মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয়েছে এ বৈঠক। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এনবিআরের সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইইউ প্রতিনিধিরা কমিশনের সঙ্গে বৈঠকে পর্যবেক্ষকদের কিছু যন্ত্রপাতি আনা এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সুপারিশ করেছে। এছাড়া বিদ্যমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা হালনাগাদসহ তাদের সুবিধার্থে নীতিমালায় কী যুক্ত করা যায় সে লক্ষ্যে বুধবার নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার এবং এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত হয়েছেন।

এদিকে, আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউর যত খুশি তত নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠানোকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন। এজন্য সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।

প্রিন্ট করুন