Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২৩ , ১০:৪৮ পূর্বাহ্ণ

সর্বজনীন পেনশন চালু করায় প্রধানমন্ত্রীকে স্বেচ্ছাসেবক লীগের অভিনন্দন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আনন্দ মিছিল করেছে।

এর আগে সংগঠনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের জনগণের কথা চিন্তা করেন। আজকে দেশের জনগণও উন্নত জীবন-যাপনের স্বপ্ন দেখেন। আমরা প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাই।

গত মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘সর্বজনীন পেনশন ব্যবস্থার বাস্তবায়ন শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক আনন্দ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির নেতারা।

সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরিব-দুঃখী সর্বসাধারণের কথা চিন্তা করে এমন একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশের ধনী-গরিবের যে বৈষম্য রয়েছে সেটা দূর হয়ে যাবে। মানুষ যাতে ভালো থাকে সেজন্য এই সর্বজনীন পেনশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ১৮ বছরের যুবক ছেলেদের মাসিক আয় থেকে ৫০০ টাকা জমা হয়ে ৬০ বছরে তারা পুরো টাকা পাবে। তখন তাদের আর নিজের ছেলে-মেয়েদের মুখাপেক্ষী হওয়া লাগবে না। নিজের টাকায় তারা আরাম-আয়েশে চলতে পারবে।

সাচ্চু বলেন, মির্জা ফখরুল ইসলাম কথায় কথায় বলেন শেখ হাসিনা পালানোর পথ পাবেন না। এত কষ্ট করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করলাম আমরা আর বিএনপির চোরেরা বলে আমরা নাকি পালানোর পথ পাব না। শেখ হাসিনা শুধু একবার হুকুম দিলে ১০ মিনিট লাগবে না আপনাদের (বিএনপি নেতা) বঙ্গোপসাগরে ডুবিয়ে পানি খাওয়াব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, কাজী মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন সাদেক, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে তারা প্রেস ক্লাবের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করেন। পল্টন মোড়ে গিয়ে তা শেষ হয়।

 

প্রিন্ট করুন