Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২২, ২০২৩ , ৭:১৩ অপরাহ্ণ

৯০০ ফুট উঁচুতে ঝুলছে ৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক!

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার পার্বত্য অঞ্চল বাত্তাগ্রামে ৯০০ ফুট (২৭৪ মিটার) উচ্চতায় ক্যাবল কারে আটকা পড়েছেন ৬ স্কুল শিক্ষার্থীসহ ২ শিক্ষক। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল এই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আলাই তেহসিলে (প্রশাসনিক এলাকা) আনুমানিক সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ৬ শিক্ষার্থী ও ২ স্থানীয় ব্যক্তি ক্যাবল কারে করে স্কুলে যাচ্ছিল। সকাল ৯টায় ক্যাবল কারের একটি তার ছিঁড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার। দুই দফা সেনাবাহিনীর একজন কমান্ডো চেষ্টা করেও সফল হতে পারেননি। তবে তাদের পানি ও খাবার পাঠতে সক্ষম হয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, শিশুরা মঙ্গলবার ক্যাবল কারে চড়ে স্কুলে যাচ্ছিলো।

রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত বাত্তাগ্রাম বড় বড় পর্বত ও গিরিখাতপূর্ণ। এ কারণে স্থানীয় লোকজনদের এক গ্রাম থেকে আরেক গ্রামে, শিক্ষাপ্রতিষ্ঠান-বাজারে যাওয়ার যাওয়ার প্রধান অবলম্বন ক্যাবল কার। সহকারী কমিশনার জাওয়াদ জানান, ক্যাবল কারের ২টি তার ছিঁড়ে গেলে তারা আটকা পড়েন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার একটি ক্যাবল কার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে একটি তার ছিঁড়ে গিয়ে কারটি অচল হয়ে পড়ে।

তারপর স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরে যোগাযোগ করা হলে উদ্ধার কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টাও করেন; কিন্তু উঁচু এলাকায় জোর বাতাসের কারণে সেই তৎপরতা ব্যর্থ হয়েছে। উপায়ান্তর না দেখে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার পুরো বিষয়টি নিয়ে খোঁজ রাখছেন। সব পুরনো এবং অনুমোদনহীন ক্যাবল কার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি, ডন , জিও নিউজ

প্রিন্ট করুন