Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২২, ২০২৩ , ৪:৩৫ অপরাহ্ণ

আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে : প্রশ্ন তথ্যমন্ত্রীর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি শনিবার দিবাগত রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, কারও আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে?

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন।

সংবাদ কর্মীরা রাত ৩টায় সংবাদ সম্মেলনে যেতে বাধ্য কিনা এমন প্রশ্ন সামনে এনে হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে একটি অস্থিরতা আমরা লক্ষ্য করছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটির প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম দেখলাম যে রাত ৩টায় সংবাদ সম্মেলন। কারও যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে? সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত ৩টায় উনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? আমি এমন কথা আগে আর শুনিনি।

নেতাকর্মীদের ওই রাতে গ্রেফতার করা হচ্ছিল-এ কারণে বিএনপি সংবাদ সম্মেলন ডেকেছে, একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মীদের ইতোপূর্বে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনোদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপিও আগে কখনও রাত ৩টায় করেনি। তাদের মধ্যে যে অস্থিরতা এবং তারা যে এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সেটারই প্রমাণ হচ্ছে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা।’

 

 

 

 

প্রিন্ট করুন