আজকালের কন্ঠ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ এবং অঙ্গহানি হওয়া প্রত্যেকে ক্ষতিপূরণ হিসেবে পাবেন ৩ লাখ টাকা।
বিভিন্ন মেগাপ্রকল্পের উদ্বোধনের তারিখ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে এদিন বিকাল ৩টায় পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশ করা হবে। ২২ অক্টোবর তেজগাঁওয়ের নবনির্মিত সড়ক ভবন থেকে ভার্চুয়ালি একদিনে ১৪০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা হবে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার।
ওবায়দুল কাদের বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ফাইভ নদার্ন রুটের গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে সাভারে সুধী সমাবেশ করা হবে।
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২৮ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন চট্টগ্রামের আনোয়ারায় সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। এ অংশের টোল চূড়ান্ত করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মনজুর হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা।