আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত মহাসাগরকে ঘিরে বিদেশিদের ‘গেমপ্ল্যানের’ তথ্য ফাঁস করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ নিয়ে কাউকে ভয় পান না বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় শোকদিবস স্মরণে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নির্বাচন, এমনকি নির্বাচনের আগে, পরে শান্তি চায়। তার প্রশ্ন- যারা আগুন সন্ত্রাসের পরিকল্পনা করবে তারা কী নিষেধাজ্ঞার বাইরে থাকবে? আইন ভঙ্গ করে আন্দোলনের ফরমায়েস, গণতন্ত্রের লেবাসধারীদের এসব অপকর্ম ভিসানীতি দেয়া দেশের চোখে পড়ে না?
তিনি বলেন, সরকার কাউকে দেশে আসতে দাওয়াত করেনি, তারপরও আমেরিকা ইউরোপ থেকে এসে আলোচনার নামে নিষেধাজ্ঞা, হুমকি দেয়া হচ্ছে, একেক সময় একেক কথা বলছে।
ছাত্রলীগের নেতাকর্মীদের উজ্জীবিত হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে সামিল হতে হবে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তানে যান।