অনলাইন ডেস্ক : বাংলাদেশকে দুই প্রকল্পে ৫ হাজার ৩৬৬ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশ সরকার ও এডিবির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
গত সোমবার (১৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ সুবিধা সৃষ্টি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও টেকসই নগরায়ন এবং অবকাঠামো উন্নয়নে এ ঋণ দেবে এডিবি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান বাংলাদেশ সরকারের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণচুক্তিতে স্বাক্ষর করেছেন। ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির আবাসিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই প্রকল্পে ৫ হাজার ৩৬৬ কোটি টাকা ঋণ দেবে এডিবি
ঋণের ১৯ কোটি ডলার দেওয়া হবে চলমান রুরাল কানেক্টটিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে এবং ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাসট্রাকচার প্রোগ্রামের আওতায়।
জানা যায়, রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্পের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ সুবিধা সৃষ্টি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, বিদ্যমান গ্রামীণ সড়ক অবকাঠামোগুলোকে জলবায়ু-সহিষ্ণু ও আবহাওয়া উপযোগিমানে উন্নতকরণ এবং কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ২ শতাংশ সুদে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৯ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি। আর ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্মসূচির মাধ্যমে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো ও পরিষেবা নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়নে ২ শতাংশ সুদে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি। ঋণের মেয়াদকাল হবে গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছর।