Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১২, ২০২৩ , ৪:৪৮ অপরাহ্ণ

সারাদেশে দশগুণ ডেঙ্গু রোগী বেড়েছে : জাহিদ মালেক

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে দশগুণ ডেঙ্গু রোগী বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ। সবগুলো ওষুধ কোম্পানি মিলেও এতো স্যালাইন উৎপাদন করতে পারছে না। এ জন্য গত দুই দিন আগে মিটিং করেছি। সেখানে নির্দেশনা দেয়া হয়েছে যেন প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশা করছি আগামীতে মশা কমে আসবে এবং ডেঙ্গু রোগীর সংখ্যাও কমে আসবে। ডেঙ্গু কমাতে হলে মশা কমাতে হবে। মশা কমলে ডেঙ্গু রোগী কমবে এবং সে জন্য নিয়মিত স্প্রে করতে হবে বেশি বেশি।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া আছে। ঢাকা শহরেই শুধু ৩ হাজার বেড রাখা আছে, ২ হাজার বেডে রোগী ভর্তি আছে। সারাদেশে ৫ হাজার বেড রেডি রাখার জন্য বলেছি, অনেক বেড এখনো খালি আছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

প্রিন্ট করুন