আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির আন্দোলন হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করা। বিএনপি-জামায়াত জোট রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে সহিংসতা ও জ্বালাও পোড়াও করলে কঠোরভাবে দমন করা হবে। বিদেশিদের ষড়যন্ত্রে বিএনপি ব্যবহৃত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার হলরুমে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান পরিচালিত একটি জরিপে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের শতকরা ৭০ ভাগ মানুষই মনে করে দেশ সঠিকপথেই চলছে।
বিদেশিদের ষড়যন্ত্রে বিএনপি ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আসলেই বিএনপি বিদেশিদের কাছে ধরণা দেয় ও দৌড়ঝাঁপ করে, তাদের পরামর্শে রাজনৈতিক কর্মসূচি দিয়ে থাকে। বিদেশি ষড়যন্ত্রে রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বিএনপি, কিন্তু বঙ্গবন্ধুর দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই।