স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে ক্লাব ছাড়ার ব্যাপারে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে আলোচনা করেছেন নেইমার জুনিয়র। ন্যু ক্যাম্পে ফেরার ইচ্ছা তার। কিন্তু বার্সেলোনার আর্থিক অবস্থা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফেরার পথে বড় বাধা। তবে নেইমার এই মৌসুমে বার্সেলোনায় যেন খেলতে পারেন, সেই ব্যবস্থা করে দেবে সৌদি আরবের ক্লাব।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের একটি ক্লাব নেইমারের সঙ্গে চুক্তি করতে চায়। তারপর তাকে বার্সেলোনায় ধারে পাঠাবে। এই মৌসুমেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে চাইছে তারা এবং চুক্তি শেষেই বার্সেলোনায় পাঠাবে তাকে। তিনভাবে নেইমারের বেতন আসবে। কাতালান জায়ান্টরা একটি নির্ধারিত শতাংশ অর্থ দেবে, বাকিটা আসবে পিএসজি ও সৌদি আরবে বার্সেলোনার প্রীতি ম্যাচ থেকে।
এ ছাড়া চেলসিতেও নেইমারের ট্রান্সফারের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও চেলসির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো সেটা উড়িয়ে দিয়েছেন। জানা গেছে, ৫ থেকে ৮ কোটি পাউন্ড ট্রান্সফার ফি চাওয়া হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য।