স্পোর্টস ডেস্ক : ক্রিকেট পাড়ার সাম্প্রতিক সময়কার বড় গুঞ্জনগুলোর ভেতর অন্যতম হলো সাকিব-তামিমের মধ্যকার কথিত ‘দ্বন্দ্ব’। খালি চোখে দুই ক্রিকেটারের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন চোখে না পড়লেও গুঞ্জনের সেই আগুন মাঝেমধ্যেই তারা নিজেরাই ছোট ছোট কার্যকলাপে উসকে দেন। বেশ কয়েকবার মিলেছে এর প্রমাণ।
দুই ক্রিকেটারের মধ্যকার চলমান দ্বন্দ্বের ইঙ্গিত একবার মিলেছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে। বিসিবি বস একবার বলেছিলেন, ‘সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে হয়তো কিছু একটা হয়েছে। আগে সবচেয়ে বেশি বলা হতো, সাকিব ও তামিম খুবই ভালো বন্ধু। এখন হঠাৎ করে ওদের মধ্যে একটা কিছু হয়েছে, যার জন্য একটু অস্বস্তিকর পরিবেশ।’
তবে নিজেদের মধ্য চলমান শীতল সম্পর্কের বিষয়টি কখনোই স্বীকার করেন না কেউই। সবকিছু স্বাভাবিক বলেই দাবি করেন।
ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জনও রয়েছে যে সাকিব অধিনায়ক হওয়ায় টেস্ট সিরিজ আসলেই অসুস্থ হয়ে পড়েন তামিম। কখনও পেটের পীড়া, কখনও বা পিঠের ইনজুরি।
ভুল চিকিৎসার খেসারত হিসেবে মেরুদণ্ডের হাড় ক্ষয় করে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম। শঙ্কাটা ছিল আগে থেকেই। বৃহস্পতিবার (৩ আগস্ট) আসলো আনুষ্ঠানিক ঘোষণা। একই সঙ্গে অধিনায়কত্ব থেকেও সরে যাওয়ার ঘোষণা দেন বাঁহাতি এই ব্যাটার।
হাথুরুসিংহে দলের হেড কোচ হিসেবে আসার পর হুট করেই গুঞ্জন ওঠে ‘অফ ফর্মে’ থাকা তামিম ইকবালকে সরিয়ে সাকিবের হাতে অধিনায়কত্ব তুলে দিতে প্রস্তাব দিয়েছেন লঙ্কান কোচ। আর সিরিজের মাঝপথে ‘অভিমানের বশবর্তী হয়ে’ তামিমের অবসরের বিষয়টি গুঞ্জনের পারদ আরও বাড়িয়ে তোলে।
তিনি আরও বলেছিলেন, ‘অস্বস্তিকর পরিবেশ বলতে, দলে তো আরও খেলোয়াড় আছে। ওরা (সাকিব-তামিমের) কারও সঙ্গে কথা বলতে একটু ভয় পায়। দ্বিধাবোধ করে- আমি যদি এখন সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলতে যাই, তাহলে আবার উনি (তামিম) ভেবে না বসেন আমি ওনার (সাকিবের) দলে! ওরা তো কোনো দলে না। আবার তামিমের সঙ্গে কথা বলতে গেলে অন্যজন (সাকিব) আবার মাইন্ড করতে পারেন; কিন্তু ওরা যে মাইন্ড করে আজ পর্যন্ত শুনিনি।’
এমনটাও শোনা যায় যে হুট করেই অধিনায়কত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় অভিমানে নিজ থেকেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার। যদিও কোনো প্রমাণ মেলেনি এই গুঞ্জনের।
দুই মহারথীর ভেতর চলমান এই দ্বন্দ্বের বিষয়টি অধিনায়কত্ব ছাড়ার পর আরও একবার পরিষ্কার করে দিলেন তামিম ইকবাল।
বাঁহাতি এই ব্যাটারের কাছে দ্বন্দ্বের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সাকিব বিষয়ে ইতোমধ্যেই অনেকবার আমি বলেছি। এটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নাই। আপনারা সবাই জানেন। আমি অনেকবার এটার ব্যাখ্যা আপনাদের দিয়েছি। আমার মনে হয় না এটা আবার ব্যাখ্যা করতে হবে নতুন করে।’