Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩, ২০২০ , ৮:৩৬ অপরাহ্ণ

রংপুর বিভাগের ৮ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স : আগামিকাল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সোমবার রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকবেন।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, কাল (সোমবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। রংপুর বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাই এতে যুক্ত থাকবেন। জেলাগুলো হচ্ছে- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।

এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ছয় দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সঙ্কট উত্তোরণের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন।

আজকালের কন্ঠ / এমএম

প্রিন্ট করুন