স্পোর্টস ডেস্ক : না জানিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে শৃঙ্খলা ভেঙেছেন দেশের নারী ফুটবলাররা। গণমাধ্যমে ফুটবলারদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণে ক্ষুব্ধ বাফুফে। ছুটি শেষে ক্যাম্পে ফিরলে ফুটবলারদের কাছে এর জবাবদিহি চাইবেন সভাপতি কাজী সালাউদ্দিন। গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
দেশকে সফলতা এনে দেওয়া বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলাররা মানছেন না বাফুফের শৃঙ্খলা। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ফেডারেশনকে না জানিয়ে সাতক্ষীরায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেছেন। না জানানোর কারণ জানতে চাইলে সাবিনা খাতুন বাফুফের ওপর ক্ষোভ ঝাড়েন।
সাবিনার ডাকে সাড়া দিয়ে সাতক্ষীরায় খেলতে গিয়ে বিপাকে পড়েছেন মাসুরা, মারিয়া, শামসুন্নাহারসহ আট ফুটবলার। যাদের হাত ধরে নারী ফুটবলে ইতিহাসে এসেছে, তাদের এমন আচরণে হতাশ দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
সোমবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ফুটবলারদের। ফিরলেই ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের কারণ জানতে চাইবেন সভাপতি কাজী সালাহউদ্দিন। ভবিষ্যতে ফুটবলারদের পেশাদার হওয়ার আহ্বান জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। কিরণ বলেন, ‘ওরা ৩১ তারিখ ফিরবে। তখন আমি অথরিটিকে জানাব। তারাই সিদ্ধান্ত নেবে কী করতে হবে।’
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, বেতন-ভাতা নিয়ে ক্ষোভে ফুঁসছেন নারী ফুটবলাররা। অনেকে নাকি ক্যাম্পে যোগ না দেওয়ার হুমকিও দিয়েছেন ফেডারেশনকে। তবে বিষয়টি অস্বীকার করে বাফুফে। বিদ্রোহ নয়, ফুটবলাররা নাকি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে চিঠি দিয়ে নিজেদের দাবি-দাওয়া সভাপতি বরাবর জানিয়ে গেছেন।