আজকালের কন্ঠ ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলায় আবদুর রহিম হাওলাদার নামের এক যুবলীগ নেতার বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের ও ভিজিডির মোট ১২০ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার কুশঙ্গল গ্রাম থেকে শনিবার রাতে এ সব চাল উদ্ধার করা হয়।
মিথ্যার আশ্রয় নিয়ে চাল কিনে মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)সাখাওয়াত হোসেন তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
জানা যায়, মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্নভাবে ১০ টাকা কেজি দরের ও ভিজিডির চার বস্তা চাল কিনে বাড়িতে মজুদ করেছিলেন কুশঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি আবদুর রহিম। খবর পেয়ে বস্তাগুলো উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। আবদুর রহিম দোষ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুশঙ্গল ইউপির চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, একটি চক্র তাকে এ কাজে সহযোগিতা করেছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
আজকালের কন্ঠ /এমএম