নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি এক বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্বেচ্ছাসেবক লীগের আগামী কেন্দ্রীয় সম্মেলন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।
সংগঠনটির সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। সেখানে গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতি ঘোষণা করেন আওয়ামী লীগ প্রধান।
উল্লেখ্য, ২০২২ সালের ২৯ জুন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা যান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওই বছর জুলাইয়ে তার জায়গায় গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।