আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিরোধী দলের অনড় অবস্থানের মুখে মনিপুরে নারী নির্যাতনের বিষয়ে অবশেষে লোকসভায় আলোচনার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। মনিপুর নিয়ে সংসদীয় আলোচনার দাবিতে পার্লামেন্টের বাইরে রাতভর অবস্থান কর্মসূচি পালন করে বিরোধী দল।
দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো, ভিডিও ধারণ ও গণধর্ষণের ঘটনায় সপ্তাহ জুড়েই উত্তাল ভারত। দোষীদের শাস্তির আশ্বাস দিলেও এ বিষয়ে পার্লামেন্টে কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী মোদী।
এ বিষয়ে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বের সুযোগ ও মোদীর জবাব চেয়ে তীব্র প্রতিবাদে অচলাবস্থা তৈরি হয়েছে পার্লামেন্টে।
দাবি আদায়ে রাতভর অবস্থান কর্মসূচি চালাতে মঙ্গলবার (২৫ জুলাই) পার্লামেন্টের বাইরে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বসেন বিরোধী দল কংগ্রেস ও আম আদমী পার্টির এমপিরা। অবিলম্বে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে মনিপুর নিয়ে সমন্বিত বিবৃতি ও প্রশ্নোত্তর পর্বে মোদীর উপস্থিতির নিশ্চয়তা চেয়েছেন তারা। এমন পরিস্থিতিতে মনিপুর নিয়ে পার্লামেন্টে আলোচনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। তবে, মোদীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের প্রশ্নের জবাব দেবেন।
এদিকে, মনিপুরে দুই নারীকে নির্যাতনের আলোচিত ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে এই ঘটনায় এক নাবালকসহ মোট সাতজনকে গ্রেফতার করা হলো।