শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে কুচাইপট্টি ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সোমবার দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
জানা যায়, গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউপির মৎস্যজীবীদের ভিজিএফ’র চাল আত্মসাত করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাজ্জেল বেপারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে আসামী করে মামলা করেন দুদক। আসামিরা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারীদের জন্য বরাদ্দ ১ হাজার ৫৯০ কেজি চাল আত্মসাৎ করেছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
গত রবিবার কুচাইপট্টি ইউনিয়নে বিশেষ বরাদ্দ হিসেবে মৎস্যজীবীদের মাঝে ৪০ কেজি করে ৬শ ৯২ জনকে চাল দেওয়ার কথা ছিলো। কিন্তু তাদের চাল কম দিয়ে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন ৫৩ বস্তা চাল অন্যত্র সরিয়ে রাখেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন চাল জব্দ করেন। আটক করা হয় কুচাইপট্টির ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোফাচ্ছেল বেপারীকে।
আজকালের কন্ঠ /জামাল /মিজান