Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৫, ২০২৩ , ৬:১৬ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মুন্সীগঞ্জে স্ত্রী শাহনাজ পারভীনকে হত্যার দায়ে স্বামী মমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আখতার ভূইয়ার আদালত এই রায় দেন।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ এপ্রিল রাতে স্ত্রী শাহানাজ পারভীন শাহিনের (৫৫) সঙ্গে মমিনুল ইসলামের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জেরে ওই দিন রাত ২টার দিকে পারভীনকে ঘুমন্ত অবস্থায় শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন মমিনুল। পরে তাকে ঘরে তালাবদ্ধ রেখে পালিয়ে যান তিনি। পর দিন সকালে মমিনুল তার মেঝ ভাইয়ের স্ত্রী জিয়াসমিন বেগমকে ফোন করে বিষয়টি জানায়। পরে বিষয়টি জিয়াসমিন নিহতের মেয়ে আলপনা আক্তার জানায়। এরপর তারা সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় শাহানাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে চিকিৎসক শাহানাজকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই সুলতান বেপারী বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করলে ওই বছরের ২৯ এপ্রিল আসামি মমিনকে সিরাজদিখান উপজেলার কুচিয়া মোড়া এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালতে সে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। এ মামলায় ১৬জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত মমিনুলকে আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন