বিনোদন ডেস্ক : মুক্তির কয়েক দিন আগেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ থেকে বাদ পড়ল আলিয়ার ‘খেলা হবে’ সংলাপটি। ভারতের সেন্সর বোর্ডের নির্দেশেই সংলাপটি বাদ দেওয়া হয়েছে। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে কমেডি-রোমান্টিক ঘরানার এই সিনেমাটি।
মূলত ট্রেলার প্রকাশের পর আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপ দিয়েই সিনেমাটি প্রথম আলোচনায় আসে। পর্দায় হবু শ্বশুরবাড়ির কাউকে চ্যালেঞ্জ করে ‘খেলা হবে’ সংলাপটি বলছিলেন আলিয়া। এ সময় অভিনেত্রীর পরনে ছিল পুরোপুরি বাঙালি সাজ।
৩ মিনিট ২১ সেকেন্ডের ওই ট্রেইলারের ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় আলিয়া ভাটকে বলতে শোনা গিয়েছিল ‘খেলা হবে’। তার মুখে এই বাক্য শুনে চমকে ওঠেন অনেক বাঙালিই।
কিন্তু বেশ কয়েক দিন ধরেই ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল সংলাপটি নিয়ে। শুধু এই বাক্যটি নয়, সিনেমায় আলিয়ার বাড়ির দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে তাকে চিনতে না পেরে প্রেমিকার ‘দাদু’ ভেবে রণবীরের নমস্কার করার দৃশ্য নিয়েও ওঠে শোরগোল।
আলিয়ার মুখের ‘খেলা হবে’ সংলাপটি বাদ দেওয়ার পাশাপাশি সিনেমাটির একটি দৃশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার প্রসঙ্গও টানা হয়েছিল, সেটিও সেন্সর বোর্ডের কথায় বাদ দিতে হয়েছে সিনেমার সংশ্লিষ্টদের। সেই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃশ্যেও।
প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমেই সাত বছর পর নির্মাণে ফিরেছেন করন জোহর। আর ‘গালিবয়’ সিনেমার পর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়েই ফের জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং।