আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের কাজীপুরের মনসুরনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন (২০) হত্যা মামলায় নিহতের ভাইসহ দুজনকে যাবজ্জীবন ও অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামের সোহবার শেখের ছেলে মজনু মিয়া (৪২) ও একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও নিহতের বড়ভাই লাল বাবু (৪০)। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মাজনাবাড়ি গ্রামের বছির শেখের ছেলে রবিউল ইসলাম (৩৮) ও ছলি ওরফে চিকাছলির ছেলে রেজাব (৩৯)।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালে কাজীপুর উপজেলার মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাত্রদল নেতা ইকবালের নেতৃত্বে তার ভাই লাল বাবু, মজনু মিয়া, রবিউল, রেজাবসহ ৭ থেকে ৮ জন যুবক ঠিকাদারের কাছে চাঁদাদাবি করে। পরে ঠিকাদার চাঁদা দিতে অস্বীকার করলে তারা ছাদ ঢালাই কাজ বন্ধ করে দেয়। এ সময় খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামসহ স্থানীয় লোকজনের বাঁধার মুখে ইকবাল ও তার লোকজন চলে যায়। এরই জেরে পরের দিন ছাত্রদল নেতা ইকবাল লোকজন নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় মজনু ডেগার দিয়ে শফিকুলকে পাঁচটি আঘাত করে। কিন্তু পাঁচ নম্বর আঘাতটি শফিকুল সরে যাওয়ায় ছাত্রদল নেতা ইকবাল হোসেনের বুকে ডান পাশে লেগে ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে ওই ঘটনায় নিহত ইকবালের ভাই লাল বাবু বাদী হয়ে কাজীপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসলে তদন্তকারী কর্মকর্তা নিজেই বাদী হয়ে প্রধান শিক্ষকের ভাই শফিকুলের ওপর হামলাকারীদের আসামি করে মামলা করেন। তবে মামলা চলাকালে ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে এ রায় দেন আদালত।