Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ

অর্থনীতির চালিকা শক্তি বেসরকারি খাত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান বলেছেন, একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি হল বেসরকারি খাত। এই খাতের ব্যবসায়ীরা ভাল থাকলে দেশের অর্থনীতির সমৃদ্ধি ঘটে।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ইসদাইরে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এফবিসিসিআইয়ের নির্বাচন (২০২৩-২৫) উপলক্ষ্যে নারায়ণগঞ্জে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেএমইএয়ের আয়োজনে ও এফবিসিসিআইয়ের সার্বিক তত্ত্বাবধানে প্যানেল পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়েছে।

বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, সিসিসিআই সভাপতি ও এফবিসিসিআই ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচনের প্যানেল প্রধান মাহাবুবুল আলম, এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী।

এফবিসিসিআই নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই মূহূর্তে এফবিসিসিআইয়ের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কোভিড ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর পুরো পৃথিবীর অর্থনৈতিক পরিস্থিতির সূচক নিম্নমুখী। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সামনে আমাদের আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সরকারের পাশাপাশি এফবিসিসিআই কাজ করে যাচ্ছে। অনেক সমস্যা সমাধান করা হচ্ছে। এবং অনেক সমস্যা সমাধানে কী করণীয় সেই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ না করে সরকার সব সমস্যা সমাধান করতে পারবে না।

 

প্রিন্ট করুন