Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৫, ২০২০ , ১২:০৯ অপরাহ্ণ

‘করোনাকে পরাজিত করবে মানসিক শক্তি’

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : প্রথমে গায়ে সামান্য জ্বর ছাড়া কোনো উপসর্গ ছিল না। কিন্তু নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে করোনা শনাক্তের পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। ১৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার মাহমুদ শাওন। ৫ দিন পর গত ১৮ এপ্রিল পরীক্ষার ফল আসে, জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।

শাওন বুঝতে পারলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। পরে জানলেন, শুধু তিনি নন, তার ৫ সহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

আর দশজনের মতো শাওনও প্রথমে খুব ভয় পেয়েছিলেন। নিজের ও পরিবারের কথা ভেবে খুব চিন্তায় পড়ে যান। পরে নিজেকে নিজেই বলেন, সাহস রাখতে হবে। নইলে এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না। তিনি ভাবলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে আমি এ সময় যদি ভেঙে পড়ি, তবে আমার সন্তানদের কি হবে? তাদের কে দেখবে?

করোনা আক্রান্ত হওয়ার পর মানসিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, এই রোগ হলে ভয় পেলে চলে না। সাহস রাখতে হবে। মানসিক শক্তিই করোনাকে পরাজিত করবে।

চিকিৎসকের পরামর্শ নিয়ে এখন তিনি নিজ ঘরেই কোয়ারেন্টিনে আছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পরও জ্বর ছাড়া কাশি, শ্বাসকষ্ট বা গলাব্যথা নেই। এখন তিনি প্যারাসিটামল ছাড়া অন্য কানো ওষুধ খাচ্ছেন না।

শাওনের চিন্তা এখন পরিবারের সমস্যদের নিয়ে। কারণ আক্রান্ত হওয়ার আগে তিনি পরিবারের সঙ্গে ছিলেন। এখন স্ত্রী ও সন্তাদের নমুনা পরীক্ষা করাতে চান। এ জন্য প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) সঙ্গে। কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না।

তিনি অভিযোগ করেন, ৭ দিন হয়ে গেল আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেছি আমার স্ত্রী ও সন্তানদের কফের নমুনা পরীক্ষার জন্য। কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি।

দীপ্ত টিভির এই সাংবাদিক বলেন, প্রতিদিনই অনেক মানুষ পরীক্ষার জন্য আইইডিসিআরের সঙ্গে যোগাযাগ করলেও তারা কোনো সাড়া পাচ্ছেন না। তা্ই তিনি সরকারের কাছে অনুরোধ জানান, করোনায় আক্রান্তদের সঠিক সেবা দেয়ার জন্য আইইডিসিআরের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এখন যে সেবা দেয়া হচ্ছে তা যথেষ্ঠ নয়।

পাঠকদের উদ্দেশ্যে শাওন বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। নিজে ও পরিবারকে নিরাপদ রাখতে ঘরেই দিন কাটান।

 

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন