বিনোদন ডেস্ক : দুদিন আগে জন্মদিনের সুবাদে সংবাদমাধ্যম ছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার দখলে। এবার মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনায় তিনি। তবে গুঞ্জনটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন মা হওয়ার ভুয়া খবরে বিব্রত তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূর্ণিমা বলেন, একটি ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটাতো খুশির সংবাদ। এ রকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!
প্রসঙ্গত, ব্যক্তি জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমার সেই সংসার ভেঙে যায়।
সবশেষে ২০২২ সালের ২১ জুলাইয়ে আবারও বিয়ে করেন পূর্ণিমা। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।