আজকালের কন্ঠ ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণি আদালতে হাজির না হওয়ায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন আদালত।
রোববার (৯ জুলাই) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ অসন্তুষ্টি প্রকাশ করেন।
মামলাটির সাক্ষ্য গ্রহণের ধার্য করা দিনে পরীমণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, হাইকোর্টে চার্জগঠন বাতিলের বিষয়ে রুলের আংশিক শুনানি হয়েছে। তাই মামলার সাক্ষ্যগ্রহণ পেছানো প্রয়োজন।
আদালত জানতে চান, মামলার আসামি পরীমণি কেন আদালতে আসেন না? এর জবাবে আইনজীবী বলেন, পরীমণির প্রেগনেন্সির সময় বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় তার হাজিরা মঞ্জুর করেন। সন্তান প্রসব করার পর এখনও তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় আদালতে আসছেন না। সুস্থ হওয়ার পর অবশ্যই আদালতে উপস্থিত হবেন।
আদালত পরীমণির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, উনি কেন আদালতে আসতে পারবেন না? মিডিয়ার লোক হয়েছে তাতে কী হয়েছে। অনেক ভিআইপি, এমপি, মন্ত্রী আদালতে হাজিরা দিতে আসেন। আপনি পরীমণিকে নিয়ে আসবেন।
২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য আটক করে র্যাব। সেই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিনেত্রীকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট জামিন মঞ্জুর হলে এর পরদিন কারামুক্ত হন পরীমণি।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ অক্টোবর আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।