আজকালের কন্ঠ ডেস্ক : রাঙামাটি জেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রুবেল নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশসহ দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (৫ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেনের আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এসময় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবছার আলীসহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
বিচারক রায় ঘোষণার পূর্বে মামলার সারমর্ম তুলে ধরে বলেন, রাষ্ট্রপক্ষ উপস্থাপিত মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য ও ফরেনসিক সাক্ষ্য দ্বারা গত ২৭/০৮/২০১৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল অনুমান ১১টার সময় লংগদু থানাধীন ৪নং গাউছপুর ফরেস্ট অফিস আগরবাগান সংলগ্ন জঙ্গলে আসামি মো. রুবেল কর্তৃক ৯ বছর বয়সী শিশু ভিকটিমকে ধর্ষণ করার বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এরপর বিচারক তার রায় পড়ে শুনান। রায়ে আসামি মো. রুবেলকে (৩২) নারী শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে উক্ত অপরাধের দায়ে আসামিকে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে বলেন, আসামিকে রায় ঘোষণার ৯০ দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধি মোতাবেক জমাদানের নির্দেশ প্রদান করেন। উক্ত জরিমানার অর্থ এই মামলার শিশু ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাডভোকট সাইফুল ইসলাম অভি জানান, মহামান্য আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি এই রায় দ্রুত কার্যকর করা হবে।
আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আবছার আলী জানিয়েছেন, আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।