Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৩ , ২:১১ অপরাহ্ণ

ফরিদপুরে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে প্রায় ১৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৫ জুন) দুপুরে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের মৃত আছমত মাতুব্বরের ছেলে আব্দুল মাতুব্বর (৫২) ও তার স্ত্রী হেনা বেগম (৪১)।

উপ-পরিচালক শামীম হোসেন জানান, শনিবার রাতে সংবাদ পেয়ে সোনাখোলা গ্রামে বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। এ সময় তাদের ছেলে সজীব মাতুব্বর পালিয়ে যায়। সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ বাড়িতে রেখে বাবা-মায়ের সহযোগিতায় কারবার চালাতো।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রিন্ট করুন