Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৯, ২০২৩ , ৫:১৬ অপরাহ্ণ

নতুন যুগের সূচনা স্পেনের

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের পর আর কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল না স্পেনের। নেশনস লিগের গেল আসরে ফাইনাল নিশ্চিত করেও শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় দলটির। এবার ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা জিতলো স্পেন। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ক্রোয়াটদের কাঁদিয়ে শিরোপা উল্লাসে মাতে স্প্যানিশরা।

জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, এই জয়ের মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, আমি এই দলটি সম্পর্কে খুব ভালোভাবে জানি। প্রতিটি পর্যায়ে আমি তাদের জিততে দেখেছি। স্পেনের জনগণ, খেলোয়াড় ও স্টাফদের জন্য আমি দারুণ খুশি। আশা করছি, ২০১০ বিশ্বকাপের পর থেকে যে আশায় আমরা মাঠে নেমেছি, তা ফিরিয়ে আনতে পারব। দেশকে প্রতিনিধিত্ব করার গৌরব আমাদের মধ্যে আছে। আমি জানি, এই প্রজন্ম অত্যন্ত ভালো।

তিনি আরও যোগ করেন, আশা করছি, ভবিষ্যতে আরও আনন্দের মুহূর্ত আসবে। সব প্রকল্পগুলো বিজয়ের ওপর ভিত্তি করে আরও ভালোভাবে নির্মিত হয়। এটা আমাদের আরও বেশি শক্তি, আত্মবিশ্বাস জোগাবে। সাধারণত এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে পুনরাবৃত্তি হয়, আমরাও জয়টাকে অভ্যাসে পরিণত করতে চাই।

 

প্রিন্ট করুন