আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর চাটখিল উপজেলায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান জব্দ করা হয়।
সোমবার (১৯ জুন) চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৮ জুন) রাত সোয়া ১১টায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. ইব্রাহীম খলিল বাবু (২৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অস্ত্র, মাদকসহ সাত মামলার পলাতক আসামি ইব্রাহীম খলিলকে দীর্ঘদিন থেকে খুঁজছে পুলিশ। পরে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।