Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১০, ২০২৩ , ১২:৪৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীকে গরু উপহার দিলেন বুলবুল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে একটি গরু লালনপালন করেছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের সাধারণ কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের এ গরু গ্রহণে সম্মতি দিয়েছেন সরকার প্রধান।

গত শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন কিশোরগঞ্জের বুলবুল আহমেদের গরু লালনপালনের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী উপহারের গরু গ্রহণে সম্মতি দেন।

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং এই বিরল ভালোবাসার জন্য বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ দেন।

হাসান জাহিদ তুষার আরও জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কুরবানি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ২০২০ সালে নেত্রকোনা জেলা থেকে আড়াই লাখ টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার উদ্দেশ্যে তিনি এ গরু ক্রয় করেন। গরু কেনার পর কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা মানতও করছিলেন তিনি যেন তার গরুটি সুস্থ থাকে।

বুলবুল আহমেদ জানান, তিনি ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী হিসেবে কর্মরত তার স্ত্রী ইসরাত জাহান আওয়ামী লীগ সরকারের একটি বাড়ি, একটি খামার প্রকল্প থেকে ক্ষুদ্রঋণ নিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য এই গরু ক্রয় করেন। তারা গত তিন বছর গরুটির নিবিড় পরিচর্যা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকে তারা এই গরু ক্রয় ও লালনপালন করেন।

উপহার হিসেবে তার গরু গ্রহণ করার সম্মতি প্রদান করায় বুলবুল আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

প্রিন্ট করুন