আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেখতে দেখতে পার ১৪ বছর, বিএনপির আন্দোলন হবে কোন বছর? ইউরোপ আমেরিকার কাছে নালিশ দিয়ে তারা ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই পায়নি।
রোববার (৪ জুন) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যান কোনো প্রমোদ ভ্রমণ বা নালিশ করার জন্য নয়। তিনি বিদেশ সফরে গিয়েছিলেন বাংলাদেশের সহযোগিতার জন্য।
এর আগে, আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করে মোনাজাত করেন ওবায়দুল কাদের।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারসহ প্রমুখ।