আজকালের কন্ঠ ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (৩ মে) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২ জুন) রাত ১১টায় ওই ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতি ফলক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) ও একই উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
পুলিশ জানান, শুক্রবার রাতে রংপুর থেকে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। তবে সিএনজিতে থাকা নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। পরে আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় সেখানে মুন্নি বেগম নিহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় এক নারীসহ পাঁচজনকে রংপুর ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।