Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১, ২০২৩ , ৫:২৩ অপরাহ্ণ

আওয়ামী লীগ কখনও ফাঁকা মাঠে গোল দেয়নি : সেতুমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনও ফাঁকা মাঠে গোল দেয়নি এবং কাউকে খালি মাঠে গোল দেওয়ার সুযোগও দেয়নি।

আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি কথা বলেন।

তিনি বলেন, বিএনপি তথাকথিত আন্দোলনের নামে নেতাকর্মীদের দিয়ে সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা দেশের গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে উগ্রবাদী অপশক্তির সন্ত্রাসীদের লালন-পালন ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। বিএনপির এসব সন্ত্রাসীবাহিনী জনগণের জানমালের ক্ষতি সাধন করে, অথচ এসব অপরাধীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলেই গণমাধ্যমের সামনে তারা বিরোধী দল দমনের বানোয়াট অভিযোগ উত্থাপন করেন। সরকার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। এটাই সর্বজনীন নীতি।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের কথা বলেছেন। বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস নয় বরং রাষ্ট্রকাঠামো শক্তিশালী ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন গঠন আইন ও রাষ্ট্রপতি নির্বাচন আইনসহ বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।

প্রিন্ট করুন