স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল।
সোমবার (২৯ মে) থেকে মিরপুর শেরে-ই বাংলায় শুরু হওয়া ক্যাম্পে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকলেও সহকারী কোচ নিক পোথাসের অধীনেই চলছে দলের ক্যাম্প। একই সঙ্গে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও রয়েছেন।
মূলত ২৬ জন ক্রিকেটারকে নিয়েই এ প্রি-সিরিজ ক্যাম্প হচ্ছে। তবে ২৬ জনের ক্যাম্পে নেই, মাহমুদউল্লাহ রিয়াদ। পবিত্র হজ পালন করতে যাওয়ার কারণে আগামী ২২ জুন থেকে অভিজ্ঞ এ ক্রিকেটারকে ছুটি দিয়েছে বিসিবি।
গণমাধ্যমে গুঞ্জন, ২৬ জনের ক্যাম্পে না থাকায় ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তার থাকা নিয়ে শঙ্কা রয়েছে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন, হজ পালন করতে গেলেও রিয়াদের জন্য বিশ্বকাপ সিলেকশনের ক্ষেত্রে বাধা হবে না।
সোমবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে জালাল ইউনুস জানালেন, এটা (হজ) একটা সেনসিটিভ ইস্যু। এখানে সবাইকে বিবেচনা করতে হবে, কম্প্রোমাইজের ব্যাপার আছে। আমি মনে করি, হজ পালন করা আমাদের জন্য ফরজ। যেহেতু সে (রিয়াদ) একটি ফরজ কাজ করতে যাচ্ছে, এখানে অবশ্যই আমাদের সাপোর্ট দিতে হবে।
নাফিসের দাবি, আমাদের এখন ২৬ জনের দল দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জন ‘এ’ দলে আছে। বাকিরা এখানে আছে। কারণ, ‘এ’ দলের খেলা আছে। ৩ জুন খেলা শেষ হলে দু-একদিন বিশ্রাম নিয়ে আমাদের সঙ্গে যোগ দেবে তারা। তখন আমাদের সবাই একসঙ্গে অনুশীলন করবে।